নগরকান্দায় এক বছরে ছয় ইউএনও’র বদলি

ফরিদপুরের নগরকান্দায় দীর্ঘদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে উপজেলাবাসী বিভিন্ন প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বন্ধ থাকায় এলাকায় বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনা বেড়েই চলেছে। চলতি বছরে এ উপজেলায় ৬ ইউএনও বদল হওয়ায় প্রশাসনিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। নগরকান্দায় ইউএনওদের মধ্যে কেউ ২ মাস, কেউ ১০ দিন, কেউ আবার ১ দিন দায়িত্ব পালন করেই বদলি আদেশ পান। উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এভাবে ঘন ঘন বদলি ও দীর্ঘদিন কোন কর্মকর্তা না থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, সর্বশেষ চলতি বছরের ১১ সেপ্টেম্বর ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দুস বদলি হওয়ার পর থেকে অদ্যাবধি কোন ইউএনওকে এই উপজেলায় নিয়োগ না দেয়ায় ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছেন পার্শ্ববর্তী সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন। তবে তিনিও নিয়মিত না আসায় সমস্যা থেকেই যাচ্ছে। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটিও দীর্ঘদিন শূন্য থাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমসহ মিউটেশন, জমি সংক্রান্ত বিভিন্ন মামলার তদন্ত ও নিষ্পত্তি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ উপজেলার দুটি গুরুত্বপূর্ণ পদে এ শূন্যতা ও ঘন ঘন বদলির ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা চরম দুর্ভোগ ও হতাশার মধ্যে রয়েছেন। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার বলেন, এ সমস্যার সমাধান করতে জোর চেষ্টা চালাচ্ছি। আশা করছি কিছুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে।