মহাদেবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২১:০৫
নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছলিম উদ্দীন তরফদারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে পরিষদের সদস্যগণ অনাস্থা প্রস্তাব ও সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার সকালে নওগাঁ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদ সদস্য এসএম নাজিম উদ্দীন। এ সময় মোঃ সামসুল আলম, হুমায়ন কবির, মোঃ গোলাম মোস্তফা, নিরেন চন্দ্র মন্ডল, তায়েজ উদ্দীন, কানন রানী, তাহমিনা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, চেয়ারম্যান মোঃ ছলিম উদ্দীন স্বৈরাচারি কায়দায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। সভা না করে কাজের নামে ফাঁকি দিয়ে এলজিএসপি’র লাখ লাখ টাকা আত্মসাত্, ভিজিডি ও ভিজিএফ চাল/গম কম দেয়া হয়। চেয়ারম্যান সরকারি পুকুর ও অর্পিত সম্পত্তি জাল দলিলের মাধ্যমে জোর করে ভোগ দখল করে আসছেন। এর প্রতিবাদ করায় তিনি তার পোষ্য বাহিনী দিয়ে পরিষদ সদস্যদের বিরুদ্ধে নানা হুমকি ও লাঞ্ছিত করে আসছিলেন। এ ছাড়াও ইউনিয়নের জনসাধারণের জন্য সরকারের দেয়া টিউবওয়েল এবং স্যানেটারি ল্যাট্রিন না দিয়ে টাকা আত্মসাত্ করেন। এ ঘটানার জের ধরে বৃহস্পতিবার চেয়ারম্যান মোঃ ছলিম উদ্দীন তরফদারের বিরুদ্ধে পরিষদের ১০ জন সদস্য অনাস্থা প্রস্তাব লিখিত আকারে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন।