রামগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা

জেলার রামগঞ্জ সরকারি কলেজ রোডে গতকাল শনিবার ভোরে খোকা মিয়া (৪২) নামে এক দৃষ্টি প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে বেশ কিছু নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের আত্মীয়স্বজন ও এলাকাবাসী রামগঞ্জ ঢাকা হাজীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। জানা যায়, কলচমা গ্রামের মৃত নুরা মিয়ার ছেলে দৃষ্টি প্রতিবন্ধী খোকা মিয়া বাস টার্মিনালে জুয়াড়ীদের লভ্যাংশে টাকা দিতো। উক্ত টাকার লভ্যাংশ দিয়েই তার সংসার চালাতো। রামগঞ্জ থানার ওসি মনজুরুল হক আকন্দ জানান, খোকা মিয়ার স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।