সিংগাইরে এক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২১:০৮
থানার পাশেই সিংগাইরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা ওই নেতার বাড়ি-ঘর ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে বলে জানা গেছে।
শুক্রবার নজরুলের বাড়িতে এলাকার ২৫/৩০ জনের একদল সন্ত্রাসী হামলা চালায়। ঘটনার সময় নজরুল ও তার স্ত্রী কেউ বাড়িতে ছিল না। তারা বাড়িতে না থাকায় তার শ্যালিকা রিনা বেগম ও তার শাশুড়ি বাড়িতে অবস্থান করছিলেন।
নজরুলের শ্যালিকা রিনা বেগম জানান, ভোরে বাড়িতে লোকজনের শব্দে ঘুম ভেঙ্গে যায়। এসময় একই এলাকার ২৫/৩০ জন লোক নিয়ে গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা চিত্কার করে নজরুলকে বেড়িয়ে আসতে বলে। এসময় তারা ঘরের আলমারি ভেঙ্গে নগদ চার লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা টিভি, ফ্রিজসহ দামি আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
সিংগাইর থানার ওসি মো: লিয়াকত আলী জানান, জমিটি নিয়ে থানা মসজিদের সাথে আদালতে মামলা রয়েছে এবং আদালতের ৩টি রায় রয়েছে মসজিদের পক্ষে। রায়ের বলে মসজিদ কমিটি ও মুসুল্লিরা তাদের জমি দখল করেছে তবে লুটপাটের বিষয়টি ঠিক না। মসজিদ কমিটির সভাপতি থানার ওসি। তবে এ ব্যাপারে নজরুলের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ এখন পর্যন্ত দেয়া হয়নি।