ভবনের নকশা দ্রুত প্রদানে গৃহায়ণ মন্ত্রণালয়ে সভা ১০ নভেম্বর
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২১:২৭
গৃহায়ন শিল্পে নিয়োজিত উদ্যোক্তাদের ভবনের নকশা দ্রুত ও স্বল্পতম সময়ের মধ্যে প্রদানের লক্ষ্যে আগামী ১০ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে একটি সভা আয়োজন করা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
গৃহায়ন উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাবের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় ১০ তলার বেশি ভবন নির্মাণের অনুমতি সহজীকরণের বিষয়ে আলোচনা হবে। এছাড়া এ খাতের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়েও কথা হবে।
রিহ্যাবের সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম বাদল জানান, ভবনের নকশা পেতে রিহ্যাব সদস্যদের বিভিন্ন ধরনের সমস্যা পোহাতে হয়। আর ১০ তলার বেশি ভবনের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার অনুমোদন নিতে হয়। এতে অনেক জটিলতাও সৃষ্টি হয়। এ অবস্থায় মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হলে আলোচনার মাধ্যমে জটিলতা নিরসনে সমাধান করা সম্ভব হতে পারে। যা গৃহায়ন খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।