বনানী বাজার ফরমালিনমুক্ত ঘোষণা
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২১:২৯
শুধু ফরমালিন সনাক্তকরণ মেশিন সরবরাহের মাধ্যমে খাদ্যে ভেজাল রোধ করা যাবে না মন্তব্য করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সততা ও ন্যায়ের সাথে ব্যবসা-বাণিজ্য করলে কোথাও ভেজাল হবে না। শনিবার বনানী কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত ঘোষণার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে ও প্রাইম ব্যাংক লিমিটেডের অর্থায়নে ফরমালিন সনাক্তকরণ মেশিন সরবরাহের মাধ্যমে রাজধানীর ১০ম বাজার হিসাবে বনানী কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ অতিসত্বর ফরমালিন নিয়ন্ত্রণ আইন সংসদে পাস ও খোলা বাজারে ফরমালিন বিক্রি বন্ধ করে ফরমালিন আমদানি, বিক্রয় ও বিতরণ করার ক্ষমতা কেবল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-কে দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।
অনুষ্ঠানে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম. রহমতুল্লাহ, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।