মহিলা পরিষদের নতুন কমিটি
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২১:২৯
পুনরায় আয়শা খানমকে সভাপতি এবং মালেকা বানুকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে মহিলা পরিষদ। গত শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে পরিষদের দ্বাদশ জাতীয় সম্মেলনের সমাপনী দিনে এই কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ ও সীমা মোসলেম, সহ-সাধারণ সম্পাদক করা হয় অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগমকে। এছাড়া ৪৫০ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদ সভাও গঠিত হয়।
জাতীয় অর্থনীতিতে নারীর অবদানের স্বীকৃতি চাই, অধিকার প্রয়োগের নিশ্চয়তা চাই- এই শ্লোগান নিয়ে গত ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর দুইদিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে সুনির্দিষ্ট ৭টি বিষয়ে কমিশনভিত্তিক আলোচনা করা হয়।