কক্সবাজার আন্ত:উপজেলা ফুটবল
চকরিয়ার শিরোপা অক্ষুন্ন
আহমদ গিয়াস, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২২:০১
চকরিয়া উপজেলা আন্তঃ উপজেলা হোটেল মিডিয়া কাপ ফুটবলের শিরোপা ধরে রেখেছে। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ প্রতিযোগিতায় গতকাল শনিবার বিকালে স্থানীয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শিরোপাধারী চকরিয়া ট্রাইব্রেকারে ৪-৩ গোলে উখিয়া উপজেলা দলকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য থাকার পর ট্রাইব্রেকারে চকরিয়ার পক্ষে লাকী, আবছার, জাতীয় তারকা মুনায়েম রাজু ও সালাউদ্দিন গোল করেন। কিন্তু তাদের বিদেশী রিক্রুট লাকীর শট বাইরে চলে যায়। উখিয়ার পক্ষে সাঈদী, ঘানার রেমন, আজিজ গোল করলেও সাইফ এবং তৌহিদের শট চমত্কারভাবে ঠেকিয়ে দিয়ে ফাইনালের নায়ক বনে যান চকরিয়ার অভিজ্ঞ গোলরক্ষক শিমুল। অবশ্য ফাইনালে অসাধারণ নৈপুণ্যের জন্য চকরিয়ার মিডফিল্ডার ইব্রাহিম ম্যান অব দ্যা ম্যাচ হন।
খেলা শেষে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসাইন, টুর্ণামেন্ট কমিটির সভাপতি ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশসাক সৈয়দ নূরুল বাসির, ডিএসএ সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসীম উদ্দিন, সহ-সভাপতি জসীম উদ্দিন, সদস্য হেলাল উদ্দিন কবির, টুর্ণামেন্ট কমিটির সম্পাদক হারুন-অর-রশিদ, স্পন্সর প্রতিষ্ঠান হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন, ডিএফএ সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলমগীর হোসাইন ও শওকত হোসেন প্রমুখ।