মাঠে ফিরেই ভেট্টরির পাঁচ উইকেট

দীর্ঘ ইনজুরি সারিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরেই পাঁচ উইকেট শিকার করলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরি। প্রায় ১৫ মাস পর খেলায় ফিরলেন তিনি। নিউজিল্যান্ডের ঘরোয়া প¬াংকেট শিল্ডে হ্যামিলটনে অকল্যান্ডের বিপক্ষে ২২ ওভার বোলিং করে ৩৯ রানে উইকেটগুলো নেন তিনি। এমন অসাধারণ প্রত্যাবর্তনে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হলো তার। ভেট্টরি এর আগে সর্বশেষ প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেন গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগায়। সে ম্যাচেই এচিলিস ইনজুরিতে পড়েন তিনি। এ কারণে গত বছর তিনি খুব বেশি ক্রিকেট খেলতে পারেননি। এরপর সংক্ষিপ্ত সময়ের জন্য শ্রীলংকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরলেও পুনরায় অস্ত্রোপচার করতে বাধ্য হন ভেট্টরি। ভেট্টরি ইনজুরিতে থাকাকালে তার জায়গায় লেগ স্পিনার ইশ সোধিকে নিয়ে চেষ্টা করেছে ব্ল্যাক ক্যাপরা। আর সোধিও এ ম্যাচে ছিলেন ভেট্টরির সতীর্থ খেলোয়াড়। বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া সোধি দুই ম্যাচে ছয় উইকেট শিকার করে টেস্ট দলে নিজের জায়গা অক্ষুণ্ন রেখেছেন।