সাত বছর পর আবার ফতুল্লা

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলার কথা হলে স্মৃতিকাতর হয়ে পড়ার কথা শাহরিয়ার নাফীস, হাবিবুল বাশারদের। এই মাঠেই তারা অস্ট্রেলিয়াকে টেস্টে পরাজয়ের দুয়ারে নিয়ে গিয়েছিলেন। সেদিন বাংলাদেশ কাছে গিয়ে কষ্ট নিয়ে ফিরেছিল। আজ সাত বছর পর সেই ফতুল্লায় আবার যখন আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে, তখন দলে হাবিবুল-শাহরিয়াররা নেই; কিন্তু দল এখন জয়টাকেই স্বাভাবিক ফল ভেবে মাঠে নামতে যাচ্ছে। হ্যাঁ, সাত বছরই। সাত বছরেরও বেশি সময় ধরে এই ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত হয়ে রয়েছে। ফতুল্লায় এমন রাজপথের পাশে, শহর থেকে অনেক দূরে বিলাসবহুল স্টেডিয়াম নির্মাণের যৌক্তিকতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। কালক্রমে সেসব প্রশ্নকে সত্যি প্রমাণ করেই আন্তর্জাতিক ক্রিকেট ২০০৬ সালের সেই অস্ট্রেলিয়া সফরের পর আর সেখানে ফিরে তাকায়নি। সে বছরই মার্চ মাসে বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে দিয়ে যাত্রা শুরু হয়েছিল এই ভেন্যুর। এরপর এখানে সাকুল্যে ৪টি ওয়ানডে হয়েছে। আর অস্ট্রেলিয়ার সঙ্গে বিখ্যাত সেই টেস্টটিই এই ভেন্যুর একমাত্র টেস্ট। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবার এখানে ফিরতে শুরু করল ক্রিকেট। সাত বছর পর বাংলাদেশ যখন এই ভেন্যুতে আবার আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ফিরছে, ততোদিনে দলটির চরিত্র অনেকটাই বদলে গেছে। ২০০৬ সালে বাংলাদেশ ছিল কেবল জিততে শেখা একটি দল। আর আজ বাংলাদেশ নিয়মিত জিততে থাকা দল হিসেবে নিউজিল্যান্ডকে আরেকবার হোয়াইট ওয়াশ করার স্বপ্ন নিয়েই নামবে ফতুল্লায়। বাংলাদেশের এই স্বপ্নের পথে একটা বড় ধাক্কা হতে পারে এই সময়ের বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম প্রধান ভরসা তামিম ইকবালকে না পাওয়া। তামিম গত দু’ ম্যাচও শারীরিক অসুস্থতা নিয়েই খেলেছেন। কিন্তু গত পরশু থেকে তার শরীরটা বেশি খারাপ হওয়ায় আজকে এই বাঁহাতি ওপেনারের খেলা নিয়ে খুবই সংশয় আছে। যদিও টিম ম্যানেজমেন্ট বলছে, আজ সকালে আরও একবার পরীক্ষা করে তবে সিদ্ধান্ত নেয়া হবে। তামিম খেলতে না পারলে তার জায়গায় ফেরত আসতে পারেন ওপেনার এনামুল হক বিজয়। দলে আরও দুটো পরিবর্তনের সম্ভাবনা শোনা যাচ্ছিল। মাশরাফিকে তৃতীয় ম্যাচে বিশ্রাম দিয়ে অভিষেক ঘটিয়ে ফেলা হতে পারে তরুণ আল আমিনের। বিশ্রাম দেয়া হতে পারে প্রথম ম্যাচের হ্যাটট্রিক হিরো রুবেল হোসেনকেও। তার বদলে পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমানকে দেখা যেতে পারে দলে। কিন্তু এই ‘বিশ্রামতত্ত্ব’ পুরোপুরি অস্বীকার করলেন নির্বাচক হাবিবুল বাশার, ‘কেউ আনফিট থাকলে দলে পরিবর্তন আসতে পারে। কিন্তু বিশ্রাম দেয়ার কোনো সুযোগ নেই। আমাদের সেরা একাদশ নিয়েই আমরা মাঠে নামবো।’ বাংলাদেশের পরিবর্তন নিশ্চিত না হলেও নিউজিল্যান্ডের একটা পরিবর্তন নিশ্চিত। পিঠে ব্যথায় এই ম্যাচে খেলতে পারবেন না তাদের নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তার বদলে অধিনায়কত্ব করবেন কাইল মিলস। তবে দলের চেহারা যাই হোক, আজকে ম্যাচে ‘নায়ক’ বোলাররাই হয়ে উঠবেন, এটা বলা যায়। এই উইকেট ব্যাটসম্যানদের জন্য এতোটাই প্রতিকূল যে, ঘরোয়া ক্রিকেটে পর্যন্ত ব্যাটসম্যানরা অভিযোগ করেছেন এখানকার উইকেট নিয়ে। এবার প্রিমিয়ার লিগে এখানে রান পেতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে ব্যাটসম্যানদের। পরিসংখ্যান বলছে, এবার লিগে এখানে প্রথম ইনিংসে ব্যাট করা দল গড়ে ১৯৫ করে রান তুলেছে। দ্বিতীয় ইনিংসে সেটা ১৫৭ রানে নেমে এসেছে! এমন পরিসংখ্যান দেখে নিউজিল্যান্ডের আরও একটু আতঙ্কিত হওয়ার কারণ আছে।