ঢাকা প্রিমিয়ার লিগ
ভিক্টোরিয়া ও গাজীর জয়
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২২:০২
একদিকে জাতীয় দলের খেলা চলছে, আরেকদিকে রাজনৈতিক অস্থিরতা; দুইয়ে মিলিয়ে বার বার পথ হারাচ্ছে ঢাকা মহানগর প্রিমিয়ার লিগ। গতকাল জৌলুসহীন লিগে দুটি ম্যাচ অনুষ্ঠিত হল। অন্যদিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, আগামী ৫ নভেম্বরের খেলা ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হয়েছে।
গতকাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শীর্ষস্থান ধরে রাখলো গাজী ট্যাংক ক্রিকেটার্স। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তিন উইকেটে জিতেছে তারা। আট ম্যাচ খেলে শীর্ষে থাকা গাজীর পয়েন্ট ১২। সমান ম্যাচ শেষে প্রাইম দোলেশ্বর ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পয়েন্ট সমান ১০ হলেও রান রেটে এগিয়ে দোলেশ্বর।
এদিকে রাজশাহীতে শেখ জামালকে ৬ রানে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে গতবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং।
গাজী ট্যাংকের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে প্রাইম ব্যাংক। ৭৫ রানে প্রথম পাঁচ উইকেট হারায় তারা। তাইবুর রহমান পারভেজের ৬৩ রানের সুবাদে সে ধাক্কা কাটিয়ে উঠতে পারলেও লড়াই করার মতো যথেষ্ট রান করতে পারেনি দলটি। পারভেজের ৮৬ বলের ইনিংসে ছিল চারটি চারের মার। গাজীর পক্ষে ২৮ রানে তিন উইকেট নিয়ে সফল বোলার নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম।
জবাবে ৪৪ রানে তিন উইকেট হারালেও ১১৪ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন রকিবুল হাসান ও পাকিস্তানের আশার জাইদি। ১০৪ বলে চারটি চারের সাহায্যে রকিবুল করেন ৫৫ রান। আর ৬২ বলে আটটি চার ও তিন ছক্কায় ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন ম্যাচসেরা জাইদি।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে ভিক্টোরিয়াকে ব্যাট করতে পাঠায় শেখ জামাল। আবেরাতনের ৫৯ ও জুবায়েরের ৮৯ রানে ভর করে ৪৬.২ ওভারে ২৫১ রান তোলে ভিক্টোরিয়া। শুভাশিষ ও গুলবাদিন ৩টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে এলটন চিগুম্বুরার ৯১ রানের পরও ৪৯.১ ওভারে ২৪৫ রানে অলআউট হয় শেখ জামাল। রবিউল ইসলাম ৫০ রানে ৪ উইকেট নিয়ে ভিক্টোরিয়ার আক্রমণের নেতৃত্ব দেন।