জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছানো হবে কিনা সিদ্ধান্ত আজ
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২২:৫৫
১৮ দল আহূত হরতালের কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) পেছানো হবে কিনা এ সিদ্ধান্ত জানানো হবে আজ রবিবার শিক্ষামন্ত্রীর সাংবাদিক সম্মেলনে। তবে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এখনো প্রত্যাশা করছেন বিএনপি তাদের হরতাল প্রত্যাহার করবে। তিনি বলেন, আশা করছি শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় এনে বিএনপি হরতাল প্রত্যাহার করবে। জেএসসি ও জেডিসি পরীক্ষার ব্যাপারে গতকাল শনিবার বিকালে মন্ত্রী তার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করেন। তবে পরীক্ষা হবে কিনা এ ব্যাপারে কোন সুস্পষ্ট বক্তব্য না পেয়ে উত্কণ্ঠায় রয়েছে অভিভাবকরা।
গতকাল শিক্ষামন্ত্রী বলেন, আমরা চারমাস আগে পরীক্ষার সময়সূচি দিয়েছি। আর আজ (গতকাল শনিবার) বিএনপি হরতাল দিয়েছে। হরতালে পরীক্ষা স্থগিত করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যারা হরতাল দিয়েছে তাদেরই প্রশ্ন করুন, তারা কি করবেন? হরতাল প্রত্যাহার না করলে জাতি কখনো তাদের ক্ষমা করবে না।
মন্ত্রী বলেন, দুনিয়ার কোন সভ্য দেশে পরীক্ষার সময় হরতাল হয় না। এসএসসিতে ৩১ বার পরীক্ষা পরিবর্তন করেছি। অনেক আবেদন-নিবেদন করেছি কিন্তু কোন কাজ হয়নি।
৪ নভেম্বর সোমবার জেএসসির বাংলা প্রথম পত্র এবং ৬ নভেম্বর বুধবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে। আর জেডিসিতে ৪ নভেম্বর কুরআন মাজিদ ও তাজবিদ এবং ৬ নভেম্বর আরবি প্রথম পত্রের পরীক্ষা রয়েছে।
আমাদের সিলেট অফিস জানায়, গতকাল দুপুরে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, বিএনপি নতুন প্রজন্মকে ধ্বংস করতে চায়। তাদের ডাকা হরতালের কারণে ৫২ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যত্ ধ্বংস হয়ে যাবে।