সংলাপের দিনক্ষণ প্রধানমন্ত্রীর দপ্তর ঠিক করুক :মওদুদ
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২২:৫৮
নির্দলীয় সরকারের দাবিতে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে আওয়ামী লীগের দেয়া ’৯৬ সালের আন্দোলনের প্রেসক্রিপশন ফলো করা হবে। সেই অনুপাতে কর্মসূচি দেয়া হবে। সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে টেলিফোনে দাওয়াত দিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দিনক্ষণ ঠিক করলেই হয়, আমরা অপেক্ষায় আছি।
গতকাল শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে অগ্নিসেনা সংসদ আয়োজিত ‘মহাসংকট নিরসনে নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা’ শীর্ষক এক আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ এ কথা বলেন।
প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদ ও আওয়ামী লীগ নেতাদের ১৯৯৪ সালের জুন থেকে ’৯৬ সালের মার্চ মাসে প্রকাশিত পত্রিকা পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য এমন কোনো কর্মসূচি বাকি ছিল না, যা আপনারা পালন করেননি। মওদুদ বলেন, এখনো সময় আছে, আমাদের দাবি মেনে নিন। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি রাজপথ ছাড়বে না। নির্বাচন কমিশনকে সরকারের এজেন্ট দাবি করে মওদুদ বলেন, আমি আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, যদি সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আপনাদের যে দায়িত্ব দেয়া আছে তা পালন করতে না পারেন জনগণ আপনাদের ছাড়বে না।