জানুয়ারির মধ্যেই দেশের মানুষ নতুন সরকার উপহার পাবে
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২২:৫৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আগামী জানুয়ারির মধ্যেই দেশবাসী একটি নির্বাচিত নতুন সরকার উপহার পাবে। নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপে বসতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে বিরোধী দলীয় নেত্রী কবে আসবেন এখন সেই অপেক্ষায় আছে আওয়ামী লীগ। আশা করি, যে দিন তিনি সুবিধা পাবেন, সেদিনই আসবেন। সংলাপের রাস্তা সব সময় খোলা। হরতাল-অবরোধের জন্য আলোচনা বাধাগ্রস্ত হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গতকাল শনিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ৪২তম সমবায় দিবসের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, আমাদের মূল কাজ হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন। আমাদের প্রয়োজন সব দলের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু নির্বাচন করা। আমরা আশা করবো বিরোধী দল আলোচনায় বসবে। তাদের সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই আমরা। অতীতেও এই ধরনের সমস্যা হয়েছে। তখন আমরা দেখেছি রাজনীতিবিদরাই আলোচনা করে সমস্যার সমাধান করেছেন।
এর আগে লিখিত বক্তব্যে সৈয়দ আশরাফ বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বৈধ-অবৈধ উপায়ে দেশে নব্য ধনিক শ্রেণীর উদ্ভব ঘটেছে। তারাই এখন মিডিয়ার মালিক। এক পত্রিকা অন্য পত্রিকাকে কিভাবে আক্রমণ করছে। সংবাদ কর্মীরা কষ্ট করে লিখছে। তাদের অনুভূতি কষ্ট কখনো মালিক পক্ষের কাছে পৌঁছায় না।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব এম এ কাদের সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে ফসিয়ার রহমান কৃষি ও জনকল্যাণ সমবায় সমিতি, জিয়ালা ঘোষপাড়া প্রাথমিক দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতি, মঠবাড়ি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, কলিগ্রাম বসুন্ধরা মহিলা সমবায় সমিতি, কাম টু সেভ বহুমুখী সমবায় সমিতি, মনাটেক যাদুগানালা মত্স্য চাষ বহুমুখী সমবায় সমিতি, কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি, দিয়ারা কুঞ্জনগর পুরুষ বিত্তহীন সমবায় সমিতি, বিজয়পুর রুদ্রপাল মৃিশল্প সমবায় সমিতি, বাঘাবাড়ি ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সংশ্লিষ্টদের হাতে জাতীয় সমবায় পুরস্কার-২০১১ তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।