সম্প্রতি মেসেঞ্জারে অকারণে পুরনো মেসেজ প্রদর্শিত হওয়ায় বিরক্তিকর পরিস্থিতিতে পরেছে ব্যবহারকারীরা। থ্রেডে স্বয়ংক্রিয়ভাবে আগের মেসেজগুলো উঠে আসছে, এক্ষেত্রে নেই কোনো প্রসঙ্গ বা ব্যাখ্যা- এমন সমস্যা নিয়ে প্রথম মাইক্রোব্লগিং সাইট টুইটারে অভিযোগ তোলেন মেসেঞ্জার ব্যবহারকারীরা। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, এই মেসেজগুলো পড়া হয়নি এমন নতুন মেসেজ হিসেবে পপ আপ করছে। ফেসবুকের এক মুখপাত্র প্রযুক্তি সাইট ভার্জ-কে বলেন, ‘কয়েকজন মানুষ ফেসবুক ডটকম-এ পুরানো মেসেজ দেখতে পাচ্ছেন। আমরা এই বিষয়ে জেনেছি আর যত দ্রুত সম্ভব এটি সমাধানে সক্রিয়ভাবে কাজও করছি।’ তিনি আরও বলেন, ‘আমরা এই ঝামেলার জন্য ক্ষমাপ্রার্থী।’ সাবেক প্রেমিক-প্রেমিকা বা এভন আর বেঁচে নেই এমন কারও সঙ্গে হওয়া পুরানো আলাপচারিতাও ফিরে আসছে কোনো কোনো ব্যবহারকারকারীর কাছে। বিষয়টি তাদের জন্য মোটেই সুখকর নয়, এমনটাই বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।