১০ জানুয়ারি পদ্মা সেতু দুর্নীতি মামলার প্রি-ট্রায়াল

কানাডার প্রাদেশিক সর্বোচ্চ আদালত অন্টারিও সুপিরিওর কোর্ট অব জাস্টিসে পদ্মা সেতু দুর্নীতির মামলার জুডিশিয়াল প্রি-ট্রায়ালের তারিখ আবারো পেছালো। গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সংশ্লিষ্ট আইনজীবী এবং প্রসিকিউশন টিম বিচারক নর্ডিহেইমারের চেম্বারে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। পরে পঞ্চমবারের মতো তারিখ পিছিয়ে নতুন করে প্রি-ট্রায়ালের তারিখ নির্ধারিত হয়েছে ২০১৪ সালের ১০ জানুয়ারি। এতে নতুন করে যুক্ত তিন আসামির সাথে কেভিন ওয়ালেসের বিষয়ে শুনানি হবে। আদালতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর আইনজীবী ব্রায়েন গ্রিনস্পেন এবং জুলফিকার আলী ভুইয়ার আইনজীবী ফ্রাঙ্ক আডারিও উপস্থিত ছিলেন। কিন্তু ব্রায়েন এবং ফ্রাঙ্ক তাদের মক্কেলদের বিষয়ে কোন বক্তব্য দেননি। এ সময় কোর্টে উপস্থিত ছিলেন অপর দুই প্রসিকিউটর তানিত জিলিয়াম ও এন্ড্রু ওয়াইজ এবং পাঁচ আসামীর মধ্যে একমাত্র মোহাম্মদ ইসমাইল। আদালতে কানাডা সরকারের পক্ষে এক কাউন্টের ‘করাপশন অব ফরেন পাবলিক অফিসিয়াল অ্যাক্ট’-এর ৩ (১) (বি) লংঘনের দায়ে পাঁচ আসামির বিরুদ্ধে দাখিলকৃত চার্জশিটটি বিচারকের সামনে উপস্থাপন করা হয়। ১ নভেম্বর সকাল ১০টায় মাত্র পাঁচ মিনিটের সংক্ষিপ্ত শুনানিতে কেভিন ওয়ালেসের আইনজীবী স্কট ফিন্টন তার মক্কেলের পক্ষে বক্তব্য রাখেন। তার বক্তব্য খণ্ডন করেন রমেশ শাহ ও মোহাম্মদ ইসমাইলের আইনজীবী ডেভিড বি. কাজিন্স এবং ক্যাথরিন ওয়েলস।