মার্কিন আড়িপাতা থেকে রক্ষা পাননি পোপও
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৩, ২৩:০২
মার্কিন আড়িপাতা থেকে রক্ষা পাননি ভ্যাটিক্যানের পোপও। যদিও যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করেছে। গত বুধবার ইতালির প্যানোরামা ম্যাগাজিনে খবর প্রকাশ হয়, এনএসএ ভ্যাটিকানের ফোনকলে আড়ি পেতেছিলো। সেই সঙ্গে সাবেক পোপ বেনেডিক্টের উত্তরাধিকারী খোঁজার আলোচনার সময়ও তারা সম্ভবত আড়িপাতার কার্যক্রম চালিয়ে গিয়েছিল।
এনএসএ’র মুখপাত্র ভ্যানি ভিনেস এক বিবৃতিতে জানান, এনএসএ ভ্যাটিকানকে লক্ষ্যবস্তু বানিয়েছিল বলে ইতালির প্যানোরামা ম্যাগাজিনে যে খবর প্রকাশ হয়েছে তা সত্য নয়। তথ্যের উত্স উল্লেখ না করে প্যানোরামা জানায়, ১০ ডিসেম্বর ২০১২ থেকে ৮ জানুয়ারি ২০১৩ পর্যন্ত এনএসএ ভ্যাটিকানে আসা এবং ভ্যাটিকান থেকে বাইরে যাওয়া চার কোটি ৬০ লাখ ফোনকলের ওপর নজরদারি করেছে। বৃহস্পতিবার পুরো খবরটি প্রকাশ কারার আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্যানোরামা বলেছিল, এনএসএ পোপের ফোনে আড়ি পেতেছে। তবে এনএসএ’র এ ধরনের কার্যক্রমের ব্যাপারে ভ্যাটিকান কর্তৃপক্ষ কিছুই জানতো না জানিয়ে ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফেদেরিকো লমবার্দি বলেন, এ বিষয়টি নিয়ে আমরা কিছুই জানতাম না এবং এটা নিয়ে আমাদের কোনো ধরনের উদ্বেগও নেই। -রয়টার্স