কলাপাড়ায় সেতুর গার্ডার ধসে বাস যাত্রী নিহত

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সোনাতলা নদীর উপর নির্মাণাধীন শেখ জামাল সেতুর গার্ডার যাত্রীবাহী বিআরটিসি বাসের উপর ধসে পড়লে বাস যাত্রী নিহত ও ৪ জন গুরুতর জখম হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। নিহত ফারুক (৩৫) এর বাড়ি উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাজেপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, গতকাল সকালে কুয়াকাটা থেকে খুলনার উদ্দেশ্যে বিআরটিসি বাসটি ছেড়ে আসে। সোনাতলা নদী পার হওয়ার জন্য গাড়িটি পুরান মহিপুর ফেরিঘাটে অপেক্ষা করছিল। এসময় আকস্মিক নির্মাণাধীন ব্রিজের গার্ডার গাড়ির উপর ধসে পড়ে। এতে বাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসযাত্রী ফারুক আকন ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়দের অভিযোগ ব্রিজের কাজের তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপথের উপ-সহকারী কর্মকর্তা হুমায়ুন কবির পান্না সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা না করে দেড়শ টন ওজন ও ১৪০ ফুট লম্বা গার্ডার সরানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।