চাটখিলে বাচ্চু বাহিনীর দৌরাত্ম্য

নোয়াখালী জেলার চাটখিলের সন্ত্রাস কবলিত ২নং রামনারায়ণপুর ইউনিয়নে বাচ্চু বাহিনীর দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এ বাহিনী এলাকায় একক আধিপত্য বিস্তারের জন্য গত ১২ জুন গুলি করে হত্যা করেছে পাঁচগরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ছেলে বজলুর রহমান লাভলুকে (৩৩)। গুলি করে মারাত্মকভাবে আহত করে লাভলুর ভাই দুলাল হোসেন ও আব্দুল কুদ্দুসকে (৩৭)। এ বাহিনীর ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মুক্তিযোদ্ধা আবুল খায়েরের পরিবারসহ আরো অনেকে। জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারের জন্য বাচ্চু বাহিনী চুরি, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। এ বাহিনীর প্রধান মাধবপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে বাচ্চু একজন চিহ্নিত সন্ত্রাসী। সে ২ বছর পূর্বে ১ বার গ্রেফতার হয়। জামিনে বের হয়ে এসে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী। তার বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে।