কুয়ালালামপুরে বিশ্ব সামাজিক ব্যবসা সম্মেলন ৭ নভেম্বর
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২০:৪৪
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আগামী ৭ নভেম্বর শুরু হতে যাচ্ছে পঞ্চম গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট বা বিশ্ব সামাজিক ব্যবসা সম্মেলন। বাংলাদেশের নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. নাজিব রাজ্জাক। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘বিশ্বকে পাল্টাতে সামাজিক ব্যবসা’।
প্রসঙ্গত, ইউনূস সেন্টার, ইয়ুথ ট্রাস্ট ফাউন্ডেশন ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ৪০টি দেশের ৬ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। এবারের সম্মেলনের সমাপনী দিনে ড. মুহাম্মদ ইউনূস সোশ্যাল বিজনেস রোডম্যাপ ২০১৮-এর ওপর বক্তব্য দেবেন। এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক সেদেশের সোশ্যাল বিজনেস রোডম্যাপ নিয়ে বক্তৃতা করবেন বলে জানা গেছে।