সংলাপ আর সংঘাত একসঙ্গে চলতে পারে না
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২০:৫৬
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপ আর সংঘাত একসঙ্গে চলতে পারে না। বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেননি, উল্টো দেশের মানুষকে কষ্ট দেয়ার জন্য আবার তিন দিনের হরতাল ডেকেছেন। এক দিকে হরতাল অন্য দিকে অবরোধ করে সরকারের পতন ঘটানো যাবে না। এ হরতাল পরীক্ষার্থী, অভিভাবকদের দুর্ভোগের মধ্যে ফেলেছে। দিনমজুর ও খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারার নাম হলো হরতাল। মন্ত্রী বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। এ প্রস্তাব মেনে নিয়ে সংঘাতের পথ পরিহার করুন।
গত ২৫ অক্টোবর জেলা আওয়ামী লীগের কার্যালয় ও পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার জেলা আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।