শিক্ষা মন্ত্রণালয় সমীপে
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২১:২০
একাদশ শ্রেণির ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রায় সকল বিষয়ের পাঠ্যবই পরিমার্জিত নতুন কারিকুলামে সৃজনশীল প্রশ্ন কাঠামো অনুসারে প্রণীত হয়েছে। ইতিমধ্যেই প্রায় চার মাস ক্লাস হয়েছে। নতুন পাঠ্যবই অনুসারে শিক্ষকরা সৃজনশীল পদ্ধতিতে পাঠদান ও প্রশ্ন প্রণয় করছেন। জানতে পারলাম, শিক্ষা মন্ত্রণালয় ৬টি বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি এক বছরের জন্য স্থগিত করেছে। তবে নতুন কারিকুলামের পাঠ্যবই বহাল থাকবে। শোনা যাচ্ছে, শিক্ষকদের সৃজনশীল প্রশ্ন কাঠামোর বিষয়ে প্রশিক্ষণ হয়নি বলে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি আপাতত স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণ শেষ হলে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির প্রজ্ঞাপন জারি করা হবে। এখন কোন্ পদ্ধতিতে পড়াতে হবে এবং নম্বর বিভাজনের ব্যাপারে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এজন্য কয়েক হাজার শিক্ষক ও কয়েক লাখ ছাত্রছাত্রী অনিশ্চয়তার মধ্যে আছে। ২০১৫ সালের শিক্ষা বোর্ডসমূহের এইচএসসি পরীক্ষার প্রশ্ন পদ্ধতি এবং নম্বর বিভাজনের প্রজ্ঞাপন দ্রুত জারি করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সমীপে বিনীত আবেদন জানাছি।
কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ,
সহকারী অধ্যাপক (কৃষি শিক্ষা),
শহীদ জিয়া মহিলা কলেজ,
ভূঞাপুর, টাঙ্গাইল