তামিম-সাকিব ছাড়াই...!
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২১:২৮
এখন বাংলাদেশ দাবি করতে পারে, তাদের কাছে অন্তত নিউজিল্যান্ড দলটা কেনিয়া-জিম্বাবুয়ের চেয়ে বড় কিছু নয়!
বিশ্বাস করুন, এটা কথার কথা নয়। পরিসংখ্যানই বলছে, বাংলাদেশের কাছে জিম্বাবুয়ে, কেনিয়া ও নিউজিল্যান্ড একই মাপের দল। আরও ভালো করে বললে বলতে হয়, জিম্বাবুয়ে ও কেনিয়ার পর এই প্রথম বাংলাদেশ কোনো দলকে টানা ৭ বা তার বেশি ম্যাচে হারালো। ২০০৬ সালে কেনিয়াকে টানা ৭ ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। একই বছর আগস্ট থেকে পরের বছর ফেব্রুয়ারির মধ্যে জিম্বাবুয়েকে টানা আট ম্যাচে হারিয়েছিল হাবিবুল বাশারের দল। এবার মুশফিকদের হাতে সেই স্বাদ পেল নিউজিল্যান্ড।
এই জয়ের মাহাত্ম্যটা আরও বড় বলে মনে হবে, যখন জানতে পারবেন, নিউজিল্যান্ডকে ৭-০ স্বাদ উপহার দেয়া এই সপ্তম ম্যাচটা বাংলাদেশ জিতল তাদের গত বছর সাতেকের প্রায় সব সাফল্যের বড় দুই কান্ডারি তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে ছাড়াই!
তামিম ইকবাল ও সাকিব আল হাসান অভিষেক থেকেই বাংলাদেশের জয়ের একটা স্রোতের সাক্ষী হতে শুরু করেছেন। একটা সময় তারাই হয়ে উঠেছেন, বাংলাদেশের ঐতিহাসিক সব জয়ের নায়ক। কিন্তু ঘটনাচক্রে এইমাত্র দ্বিতীয়বারের মতো বাংলাদেশ তার সেরা দুই পারফরমারকে ছাড়াই জিতল একটা ওয়ানডে ম্যাচ। এর আগে এ বছর মার্চ মাসে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ম্যাচ জিতেছিল তামিম-সাকিব কেউ নেই এমন দল নিয়ে।
এ ব্যাপারটি এমন একটি ব্যাপার অন্তত দারুণভাবে প্রমাণ করে যে, বাংলাদেশ আসলে ব্যক্তি নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। এখন নির্দিষ্ট কোনো সিনিয়র পারফরমার পারফরম করতে না পারলেও বাংলাদেশের জয় আটকে থাকছে না।
ওয়ানডে জয়ের জন্য তামিম-সাকিব ছাড়া আর দুই বড় ভরসা হলেন রাজ্জাক ও মুশফিক। রাজ্জাক এই সিরিজটাতে পুরোটাই বলার মতো কিছু করতে পারেননি। গতকাল ব্যর্থ হলেন মুশফিকও। তারপরও বাংলাদেশ জয় পেল। কাদের হাত ধরে? এই সিরিজেই অভিষেক সামসুর রহমান শুভ, অনেক দিন পর দলে ফেরা নাঈম ইসলাম এবং গত দুই ম্যাচ ব্যর্থ হওয়া নাসিরের হাত ধরে এলো জয়।
এই নিউজিল্যান্ডের সিরিজেই তাকালে বোঝা যাবে, বাংলাদেশ কিভাবে তার জয়ের ভরকেন্দ্র বারবার বদলেছে। টেস্টে মুমিনুল হক ও সোহাগ গাজীর অনবদ্য পারফরম্যান্স জয়ের কাছে নিয়ে গিয়েছিল বাংলাদেশকে। আবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয় পেল ‘হারিয়ে যেতে বসা’ রুবেল হোসেনের হ্যাটট্রিকসহ ৬ উইকেটের কল্যাণে। দ্বিতীয় ম্যাচটা আরও মজার। আপনি এখানে একক কোনো জয়ের নায়কই সহজে খুঁজে পাবেন না। সোহাগ, মাশরাফি, তামিম; অনেকের ছোট ছোট অবদানে এলো জয়।
এই কথাটাই বলছিলেন সেদিন নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাককালাম—বাংলাদেশকে হারানো খুব কঠিন, কারণ, ওদের যে কেউ পারফরম করতে পারে। এই কথাটা একসময় অস্ট্রেলিয়া সম্পর্কে বলা হত!