জয়ের ধারায় আবাহনী
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২১:৪৪
তাদের প্রথম জয়টা বাদ পড়ে গেছে আইনের চক্রে পড়ে। সিসিএসের বিপক্ষে একমাত্র যে ম্যাচটা জিতেছিল, সিসিএস অবনমিত হয়ে যাওয়ায় সে হিসাব বাদ পড়ে গেছে। ফলে কোনো পয়েন্ট ছাড়াই বিরতির পর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে হয়েছে আবাহনীর। এবারের শুরুটা ভালো হয়েছে। গতকাল তারা তুলে নিয়েছে নিজেদের দ্বিতীয় জয়।
গতকাল বিকেএসপিতে খেলাঘরকে ৬ উইকেটে হারিয়ে লীগে টানা জয় পেয়েছে আবাহনী। তবে এর আগে হেরেছে নিজেদের ৬টি ম্যাচে। দিনের অন্য ম্যাচে বগুড়ায় মোহামেডানের কাছে ২৩ রানে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। আর রাজশাহীতে কলাবাগানের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। সেই সুবাদে জয়ে ১২ নিয়ে পয়েন্ট টেবিলের দুই এবং তিনে রয়েছে দোলেশ্বর এবং মোহামেডান। আর আট ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থান দশম। সমান সংখ্যক ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে গাজী ট্যাংক ক্রিকেটার্স।
গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে আরিফুলের ৪৬ রানের ইনিংসের পরও ৪৬ ওভার ৩ বলে ১৬১ রানে অলআউট হয়ে যায় খেলাঘর। ৩১ রানে ৩ উইকেট নিয়ে আবাহনীর সেরা বোলার আল-আমিন। জবাবে ৩৭ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ৯৯ বলে চারটি করে ছক্কা ও চারে অপরাজিত ৭৯ রান করার সুবাদে ম্যাচ সেরা হয়েছেন ইয়াসির আলী।
বগুড়ায় আগে ব্যাট করে নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেটে ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে মোহামেডান। ১৩ বাউন্ডারিতে সর্বোচ্চ ৯০ রান করেন অধিনায়ক রাজিন সালেহ। জবাবে ৯ উইকেটে ২৫৯ রানে থেমে যায় ব্রাদার্স।
রাজশাহীতে দুই বিদেশি বেলাল শাফায়েত (৬০) ও জিহান মোবারকের (৫১) হাফ সেঞ্চুরিতে ২৪৩/৭ করে কলাবাগান। জবাব দিতে নেমে ডেভিড মালানের ৭৫ রানে ভর করে ১৮ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় পায় দোলেশ্বর।