স্থায়ী শহীদ মিনার হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে
বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২২:২৭
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এই প্রথম প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি স্থায়ী শহীদ মিনার হচ্ছে। নিউজার্সির প্যাসাইক কাউন্টির ওয়েস্ট সাইড পার্কে শহীদ মিনার নির্মাণের জন্য নিউজার্সি কমিউনিটি ডেভেলপমেন্ট করপোরেশন, প্যাসাইক কাউন্টি এবং বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড গ্ল্যাম দেড় লাখ ডলার অনুদান দিয়েছে। স্থানীয় সময় শনিবার বিকালে অনুদানের চেক হস্তান্তর এবং নির্মাণ স্থানের উদ্বোধন করা হয়।
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মাণ করা হবে এই শহীদ মিনার। শহীদ মিনারের উদ্যোক্তা কমিউনিটির অন্যতম আজিজুর রহমান রানা জানান, নিউজার্সিতে বাংলাদেশিরা অগ্রসরমান কমিউনিটি। এখানকার উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান রয়েছে। স্থায়ী শহীদ মিনার স্থাপনের দাবি ছিল দীর্ঘদিনের। দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি অনুমোদন করা হয়। ইতিমধ্যে আর্কিটেক্ট নিয়োগ দেয়া হয়েছে। শহীদ মিনার স্থাপনের যে স্থানটি দেয়া হয়েছে তা মনোরম ‘জন এফ কেনেডি স্কুল’ সংলগ্ন ওয়েস্ট সাইড পার্কের উঁচু উন্মুক্ত স্থানটি বরাদ্দ দেয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন নিউজার্সি স্টেট সিনেটর নেলি পোউ, কমিউনিটি ডেভেলপমেন্ট করপোরেশনের সিইও বব গরাসি, প্যাসাইক কাউন্টি শেরিফ প্রধান রিচার্ড বার্ডনিকসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।