চট্টগ্রামে হরতাল হবে আরো কঠোর :১৮ দল

টানা ৬০ ঘণ্টার হরতাল সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রামের ১৮ দলীয় জোট। জোট নেতাদের আশা, গত সপ্তাহের হরতালের চেয়ে এবারের হরতাল হবে আরো কঠোর। জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবেন। হরতালে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ছাত্রদল ও যুবদল নেতারা বলেছেন, হরতাল সফল করাটা তাদের জন্য একটা বড় পরীক্ষা । হরতালে জোটগতভাবে কর্মসূচি পালন করার পাশাপাশি দলগুলো নিজেদের মত করে সভা সমাবেশ করবে। কর্মসূচি হবে শান্তিপূর্ণ। তবে কেউ বাধা দেয়ার চেষ্টা করলে তার দায়-দায়িত্ব প্রশাসনকেই বহন করতে হবে বলে নেতারা সতর্ক করে দিয়েছেন। অন্যদিকে হরতালে নৈরাজ্য প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে বলে পুলিশের শীর্ষ কর্মকর্তারা ইত্তেফাককে জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, গতবারের তুলনায় এবারের হরতাল হবে আরো কঠোর। হরতালের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। গতকাল বিকালেও হরতালের সমর্থনে নগরীতে বিশাল মিছিল হয়েছে। মিছিলে ১৮ দলীয় জোটের নেতা-কর্মী ছাড়াও রাস্তার দুই পাশ থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ যোগ দিয়েছেন। তিনি বলেন, জনগণ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। আমার মনে হয়, জনগণের এ প্রতিরোধের মুখে পুলিশ দাঁড়ানোর সাহস পাবে না। সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার ইত্তেফাককে বলেন, হরতাল চলাকালে যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ সহায়তা করবে। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।