নির্বাচনী জনমত জরিপ বিভ্রান্তি সৃষ্টি করে বলে দাবি ভারতের ইসির

নির্বাচনের সময় বিভিন্ন মহলের চালানো ‘জনমত জরিপ’ ভোটারদের মনে বিভ্রান্তি সৃষ্টি করে বলে মন্তব্য করেছে ভারতের নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের অভিমত, এসব জরিপের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাছাড়া এগুলো অস্বচ্ছ প্রক্রিয়ায় তৈরী করা হয় এবং প্রকাশ করা হয়। উদ্দেশ্য সাধনের জন্য যে কোনো জনমত জরিপ ইচ্ছামতো ঘুরানো ফেরানো যায়। তাই এজাতীয় জরিপ জনগণের উপকারের চেয়ে ক্ষতি ডেকে আনে বেশি। এদিকে, নির্বাচন কমিশনের এই বক্তব্যের সাথে একমত পোষণ করেছে শাসক দল কংগ্রেস। গতকাল রবিবার দলটির পক্ষ থেকে নির্বাচনী জরিপ নিষিদ্ধ করার দাবি তোলা হয়। কারণ তারাও মনে করে, জরিপ থেকে কোনো একটি পক্ষ উপকৃত হতে পারে আবার অপরপক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে। কংগ্রেসের মুখপাত্র রশীদ আলভী গতকাল বলেন, জরিপ মানে কোনো চুড়ান্ত ফল নয়। কিন্তু জরিপ দেখে জনগণের মনে হয়, জরিপের ফলই সত্য হবে। অথচ একেক জরিপে একেক রকম ফল পাওয়া যায়। জরিপের ব্যাপারে মতামত কি, ভারতের নির্বাচন কমিশন সব দলের কাছে তা জানতে চেয়ে চিঠি দিয়েছিল। জবাবে কংগ্রেস জরিপ নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে। তবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বলেছে তারা জরিপের পক্ষে। তাদের দাবি, কংগ্রেসের অবস্থা খুব খারাপ। বিভিন্ন জনমত জরিপে সেই তথ্য উঠে আসছে। এজন্য দলটি জরিপ নিষিদ্ধের পক্ষে কথা বলছে। মানুষের অভিমত দেয়ার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না বলে বিজেপি মুখপাত্র মুখতার আব্বাস মন্তব্য করেন।