পাবলিক পরীক্ষার সময় হরতাল কর্মসূচি বন্ধে হাইকোর্টে রিট
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২২:৩১
পাবলিক পরীক্ষার সময় রাজনৈতিক দলগুলো যেন হরতালের মত কঠোর কর্মসূচি না দিতে পারে সেজন্য হাইকোর্টের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। ইতিপূর্বে এ বিষয়ে উচ্চ আদালতের জারি করা রুলের সম্পূরক আবেদন হিসাবে গতকাল রবিবার এ আবেদন দাখিল করা হয়। আবেদনে প্রাথমিক সমাপনী পরীক্ষা, ইবতেদায়ী, জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার সময় হরতাল না দিতে বিবাদি ও রাজনৈতিক দলগুলোর প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং শিক্ষা ও স্বরাষ্ট্র সচিবকে রিটে বিবাদি করা হয়েছে।
রিট আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইউনূস আলী আকন্দ বলেন, গত বছরের ২ মে হাইকোর্ট এ বিষয়ে একটি রুল জারি করে। ‘পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল ডাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না’—তা ওই রুলে জানতে চাওয়া হয়। একইসঙ্গে পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল না দিতে কেন নির্দেশ দেয়া হবে না—তাও জানতে চায় আদালত। বর্তমানে এই রুলটি বিচারাধীন রয়েছে।