সৌদি কূটনীতিক হত্যা

ডেথ রেফারেন্সের রায় ১০ নভেম্বর

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ এস আল আলী হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিদের জেল আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়েছে। আগামী ১০ নভেম্বর এ বিষয়ে রায় দেবে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার আপিলের ওপর শুনানি শেষে রায় প্রদানের দিন ধার্য করেন। গত ৫ মার্চ রাতে রাজধানীর গুলশানের ১২০ নম্বর সড়কে নিজের বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সেদিনই গুলশান থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্তরা হল সাইফুল ইসলাম ওরফে মামুন, মো. আল আমিন, আকবর আলী লালু ওরফে রনি, রফিকুল ইসলাম ও সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ।