পাবনায় সংখ্যালঘুদের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ

পাবনার সাথিয়া উপজেলার বনগ্রাম বাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ও মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ঘটনাস্থলের নিরাপত্তা বিধানের জন্য দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় ও ফেইসবুকে ওই পোস্টদাতাকে চিহ্নিত করতে বলেছে আদালত। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সাথিয়া উপজেলার ইউএনও ও ওসিকে এই আদেশ বাস্তবায়ন করে আগামী ৭২ ঘন্টার মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার স্বত:প্রণোদিত হয়ে এই আদেশ দেন। ফেইসবুক পাতায় মহানবী (সা:)কে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে শনিবার পাবনায় বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এ সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়। এসব প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সুব্রত চৌধুরী ও এডভোকেট এএম আমিনউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিত রায়।