চট্টগ্রামে কনস্টেবলকে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৩, ২২:৩৩
চট্টগ্রামে মো. আব্দুল কাইয়ুম (২৬) নামে পুলিশের এক কনস্টেবলকে ছিনতাইকারীরা কুপিয়ে হত্যা করেছে। একই ঘটনায় আহত হয়েছে সালাউদ্দিন, আরিফুল ইসলাম ও সাহাবউদ্দিন নামে আরো তিন কনস্টেবল। গতকাল রবিবার বেলা ১১টায় নগরীর খুলশী থানাধীন বাটালি হিল এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর মারাত্মক আহত অবস্থায় চার কনস্টেবলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, হতাহতরা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলীর বাসভবনের নিরাপত্তারক্ষী। ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত কাইয়ুম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া গ্রামের আবু ইউসুফের ছেলে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আহত কনস্টেবল আরিফুল সাংবাদিকদের বলেন, সকালে কয়েকজন লোক এসে এলাকায় ছিনতাই হচ্ছে বলে আমাদের জানায়। আমরা সেখানে যাওয়ার পর ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না। আর ছিনতাইকারীরা সংখ্যায়ও ছিল বেশি। তাই ওদের সাথে আমরা পেরে উঠিনি। আঘাত পাওয়ার পর আমরা দ্রুত ডিআইজি স্যারের বাসার দিকে চলে যাই। কিন্তু একজন কিছুদূর আসার পর মাটিতে পড়ে যায়। পরে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।