গল্প নয় সত্যি
ভাঁজ করা যাবে মাথার হেলমেট!
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৩, ১৯:৪৬
ব্যস্ত এই শহরে রোজ কম করে হলেও হাজার দশেক লোক তাদের মোটর বাইকে চড়ে নানা কাজে বের হন। অন্যদিকে গোটা দুনিয়ার হিসেব কষলে এই অংকটি যে কয়েক লক্ষ ছাড়াবে সেটি তো বলাই বাহুল্য। মজার বিষয় হলো, এমনিতে দারুণ কার্যকর একটি বাহন হলেও মোটর বাইক বা সাইকেলের মতো বাহনে আরোহীর নিরাপত্তা নিয়ে বহু মানুষের মনেই বাড়তি শঙ্কা কাজ করে। আর এই শঙ্কা দূর করার অন্যতম অনুসঙ্গ হিসেবেই আরোহীর নিরাপত্তা বিধানে যে বস্তুটির নাম সবার আগে চলে আসে সেটি হলো হেলমেট। তবে সাইক্লিস্ট বা বাইকারদের কাছে এই হেলমেটের হাজারটা সুবিধার পাশাপাশি আছে এটি যেখানে সেখানে বয়ে নিয়ে যেতে না পারার অসুবিধাও। গাড়ির চাবির মতো চাইলেই এটিকে চট করে পকেটে বা ব্যাগে ঢুকিয়ে নেওয়া যায় না বলে অধিকাংশ ক্ষেত্রে বাইকের সাথেই হেলমেটটিকে রেখে যেতে বাধ্য হন মোটর বাইকের চালকরা। আর এভাবে নানা সময়ে নিজের শখের হেলমেটটিও খোয়াতে হয় কাউকে কাউকে। কিন্তু কথায় বলে প্রয়োজনই না কি উদ্ভাবনের জননী। আর এটিকে নতুন করে আরও একবার প্রমাণ করে দিয়েই এবার ভাজ করা যায় এমন এক ধরনের হেলমেট উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের জেফ উলফ। লন্ডনের ওয়েস্ট হ্যামস্টিডে নিজের জীবনে ঘটে যাওয়া এক সাইকেল দুর্ঘটনা থেকেই হেলমেটের প্রয়োজনীয়তাটুকু আরও ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছিলেন উলফ। সেই সাথে এটিও দেখেছিলেন যে কেন স্রেফ বহন করার অসুবিধার কারণেই বহু সাইক্লিস্ট বা বাইকার হেলমেট এড়িয়ে যান। আর এই দুয়ে মিলেই ‘ওব’ নামের ভাঁজ করা যায় এমন একটি হেলমেটের পরীক্ষামূলক সংস্করণ তৈরি করেন উলফ। কাজের দিক দিয়ে সাধারণ আর দশটা হেলমেটের মতোই শক্তিশালী এই হেলমেটটি সহজেই ভাঁজ করে হাতব্যাগ বা ল্যপটপের ব্যাগের মাঝে ঢুকিয়ে নেওয়া যায়। এ ছাড়া অদূর ভবিষ্যতে এটিকে আরও ছোট আয়তনের মাঝে নিয়ে আসার জন্যও ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে এবং সকলের বুদ্ধি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন উলফ।