সংবাদ কণিকা

‘পিঙ্ক স্টার’ :বিশ্বের সবচেয়ে দামী হীরা এ পর্যন্ত নিলামে ওঠা হীরাগুলোর মধ্যে সবচেয়ে দামী হীরা হতে যাচ্ছে ‘পিঙ্ক স্টার’। ৫৯ দশমিক ৬ ক্যারাটের এ হীরাটির মূল্য ধরা হয়েছে ৬ কোটি ডলার। আগামী ১৩ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় পিঙ্ক স্টার নিলামে তুলবে নিলামকারী প্রতিষ্ঠান সথবি। বর্তমানে নিউইয়র্কে সথবির শোরুমে হালকা বেগুনি আভাযুক্ত গোলাপি এই হীরাটির প্রদর্শনী চলছে। গোলাপির বিভিন্ন শেডযুক্ত শৌখিন হীরাগুলোর মধ্যে বর্তমানে পিঙ্ক স্টারই সবচেয়ে বড় হীরা বলে জানান সথবির আন্তর্জাতিক অলঙ্কার বিভাগের ইউরোপ ও মধ্যপ্রাচ্য জোনের চেয়ারম্যান ডেভিড বেনেট। এই হীরাটি আলোর প্রতিফলনে ও রাসায়নিক গঠনে সব হীরার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ও এ ধরনের হীরা অত্যন্ত দুর্লভ। -রয়টার্স কারাগারে দাঙ্গা, আহত-৪ সৌদি আরবের আল কাসেম প্রদেশের বুরাইদাহ কারাগারে বন্দিরা দাঙ্গায় জড়িয়ে পড়ার পর কারা অভ্যন্তরে আগুন ধরে যায়। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। শনিবার সাপ্তাহিক ভিজিটিং আওয়ারের সময় এই দাঙ্গা শুরু হয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষের এক মুখপাত্র। ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে সৌদি রাষ্ট্রিয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, কর্তৃপক্ষ কারাগারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনেছে এবং দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে। রয়টার্স সৌদি আরবে কুয়েতি নারী গাড়িচালক গ্রেফতার গাড়ি চালানোর অপরাধে কুয়েতি এক নারীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। গাড়ি চালিয়ে বাবাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করার সময় পুলিশ তাকে আটক করে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে একটি কুয়েতি পত্রিকা। সৌদি আরবে নারীরা গাড়ি চালনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিবাদ করার এক সপ্তাহ পর এ ঘটনা ঘটল। কুয়েতি নারীরা নিজ দেশে অবাধে গাড়ি চালাতে পারে। তারা সৌদি আরবের নারীদের চেয়ে স্বাধীনতাও ভোগ করে বেশি। কিন্তু সৌদি আরবে নারীদের শুধু গাড়ি চালানোই নিষিদ্ধ না বরং বিদেশ ভ্রমণ করা, ব্যাংক একাউন্ট খোলা এমনকি পুরুষ আত্মীয়ের বিনা অনুমতিতে কাজ করাও নিষেধ।-রয়টার্স