সুনামগঞ্জে নলকূপে গ্যাস উদগীরণ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৩, ২০:৪১
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নলকূপ স্থাপনকালে বিকট শব্দে গ্যাস উদগীরন নিয়ে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। গত কয়েকদিন ধরে কাদামিশ্রিত পানির সাথে দুর্গন্ধযুক্ত গ্যাস উদগীরণ শুরু হয়। রবিবার পর্যন্ত কালো ধোঁয়ার সাথে প্রচন্ড শব্দে গ্যাস উদগীরণ বন্ধ না হওয়ায় আশপাশের লোকজন ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁওয়ের আব্দুল জলিলের বাড়িতে নলকূপ স্থাপনকালে ১২৫ ফুট গভীরে যাওয়ার পর অবিরাম গ্যাস উদগীরণ হচ্ছে। অনেক চেষ্টার পরও তা রোধ করা সম্ভব হয়নি। রবিবার এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শত শত উত্সুক জনতা ভিড় জমাচ্ছেন আব্দুল জলিলের বাড়িতে। নরসিংপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবীবুর রহমান জানান, গ্যাস উদগীরণের বিষয়টি এলাকায় জন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। ইতোমধ্যে জনস্বাস্থ্য প্রকৌশলীর ফিল্ড কর্মকর্তা টিউবওয়েল মেকানিক ঘটনাস্থলে পাঠানো হয়েছে।