সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ময়মনসিংহ ময়মনসিংহ শহরের টাউনহল এলাকায় গতকাল সোমবার ভোরে ট্রাক চাপায় আব্দুস সামাদ নামে টাউলহল জামে মসজিদের মোয়াজ্জিন মারা যান। ফজর নামাজের আজান দেয়ার জন্য পৌরসভা কোয়ার্টার থেকে মসজিদে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। বড়াইগ্রাম (নাটোর) নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সীমান্তে আইড়মাড়ি ব্রিজের পাশে গতকাল সোমবার ভোরে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ইসাহাক আলী মোল্লা (৪২) নামে এক দিনমজুর নিহত হন। কালীগঞ্জ (গাজীপুর) কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় গতকাল সোমবার ত্রিমুখী সংঘর্ষে অনন্ত (১২) নামে ঘটনাস্থলে এক শিশু নিহত ও পাঁচজন আহত হন। আহতরা হলেন: সাদ্দাম, রনি, মোস্তাকসহ অজ্ঞাত আরো তিনজন। আহতদের বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসাপাতাল ও দু’জনকে ঢামেক হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়। কাপাসিয়া (গাজীপুর) গাজীপুরের কাপাসিয়ায় মিয়ার বাজার এলাকায় গত রবিবার সকালে বাস চাপায় সিয়াম (৮) নামে এক শিশু নিহত হন। দিনাজপুর সদর উপজেলার গোতাগাড়ী ও হাউজিং মোড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় গত রবিবার মোটর সাইকেলের ধাক্কায় মোস্তাক আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হন। আহতরা হলেন: মিনারা, কাজল, হযরত আলী, জাকির ও রিপন। আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।