কালুখালি-ভাটিয়াপাড়া
ট্রেন ১৭ বছর পর চালু
বোয়ালমারী ও মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৩, ২০:৪৬
দীর্ঘ ১৭ বছর পর কালুখালি-ভাটিয়াপাড়া রেলপথ পুনরায় চালু হয়েছে। রেলমন্ত্রী মুজিবুল হক গত শনিবার বোয়ালমারী রেলস্টেশনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। আ’লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় কালুখালি-ভাটিয়াপাড়া রেললাইন পুনরায় চালু তারই প্রমাণ। তিনি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ দেয়ার আহবান জানান।
উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সহিদুজ্জামান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা প্রমুখ।
উল্লেখ্য ১৭ বছর পর কালুখালি-ভাটিয়াপাড়া পুনর্নির্মিত রেলপথে শনিবার রাজবাড়ীর পাংশায় সুইচ টিপে ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাংশা থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ৮ টায় বোয়ালমারী রেল স্টেশনে পৌঁছায়। এ সময় হাজার হাজার জনতা স্টেশন এবং লাইনের দু’পাশে দাঁড়িয়ে ট্রেনটিকে স্বাগত জানায়। ট্রেনেও ছিল উপচেপড়া ভিড়। ছাদভর্তি ছিল উত্সুক জনতায়। দুপুর ৩ টা থেকেই স্টেশনে উত্সুক জনতার ঢল নামে।
ছাদ থেকে পড়ে আহত ৩
অপরদিকে উপজেলার চতুল রেলগেটে ডিশ লাইনের তারে বেঁধে ট্রেনের ছাদ থেকে পড়ে ৩ যুবক আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত বনচাকি গ্রামের আলীরাজকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাতৈর প্রেমতারা গ্রামের রহিম ও আলফাডাঙ্গা উপজেলার টোনারচর গ্রামের উসমান শেখকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।