সুজানগরে বিএনপি-আওয়ামী লীগের সমঝোতা

পাবনা সুজানগর পৌর এলাকায় রাজনৈতিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষে বিএনপির একাংশের নেতৃবৃন্দের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা রাতে পৌর বাজারে বিএনপির ওই অংশের নেতা আজম আলী বিশ্বাসের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার পৌর এলাকায় বিএনপির ওই অংশের নেতা-কর্মীদের হরতালের সমর্থনে কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে বিএনপির অপর অংশের নেতা সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে উপজেলার অন্যান্য ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে হরতাল পালিত হয়েছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি উক্ত আজম আলী বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করার স্বার্থে ওই বৈঠক করেছি।