চট্টগ্রাম উইমেন্স চেম্বারের উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার শুরু

চট্টগ্রাম উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী সপ্তম আন্তর্জাতিক উইমেন্স এক্সপো বাংলাদেশ ২০১৩ আগামী শুক্রবার থেকে নগরীর পোলোগ্রাউন্ডে শুরু হচ্ছে। শুক্রবার বিকাল ৪টায় মেলার উদ্বোধন করবেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। গত রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার চেয়ারম্যান সৈয়দ জিনাত আরা। তিনি আরো বলেন, এবারের মেলায় মোট ২৫০টি স্টল, ২০টি প্যাভিলিয়ন, আইটি জোন, হাউজিং জোন ও ফার্নিচার জোন থাকছে। এরই মধ্যে ইরান, পাকিস্তান, ভারতের উদ্যোক্তাসহ সারাদেশের নারী উদ্যোক্তারা মেলায় অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি কামরুন মালেক, সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইকবাল দাদা, সহ-সভাপতি আইভি হাসান, পরিচালক রেখা আলম চৌধুরী, উপদেষ্টা খালেদা এ আউয়াল উপস্থিত ছিলেন।