পাইপ লাইন মেরামত কাজ চলছে

রাজশাহীতে গ্যাস সরবরাহে আরো কয়েকদিন লাগতে পারে

পুঠিয়ার বেলপুকুর এলাকায় গত শনিবার গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণের পর রবিবার পর্যন্ত মেরামত কাজ সম্পন্ন হয়নি। এ ঘটনায় শনিবার সন্ধ্যা থেকে রাজশাহীতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের রাজশাহী অফিস ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, মজুদ থেকে বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ করতে বিসিক শিল্প এলাকার ৬টি কারাখানায় গ্যাস ব্যবহার বন্ধ রাখা হয়েছে। শিল্প-কারখানায় গ্যাস ব্যবহার না করলে মজুদ থেকে আগামী ৪/৫ দিন বাসাবাড়িতে চুলা জ্বালাতে সমস্যা হবে না বলেও তিনি জানান। গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড-জিটিসিএলের সিনিয়র প্ল্যান্ট অপারেটর গোলাম রাব্বানী জানান, পাইপ লাইনে মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত রাজশাহীতে গ্যাস দেয়া সম্ভব হবে না। মেরামত শেষ হতে অন্তত ৩ থেকে ৪ দিন সময় লাগবে।