রাজধানীর হরতাল
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৩, ২১:৩৫
রাজধানীর বিভিন্ন স্থানে চোরাগুপ্তা ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, মিছিল, টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সোমবার ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে।
বেলা ১১টায় মোহাম্মদপুরে মিছিল শেষে এটিসিএল’র একটি গাড়িতে আগুন দেয় শিবির কর্মীরা। দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রসঙ্গে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ব্যাংকে লেনদেন হয়। বিমান, রেল ও লঞ্চ চলাচল করেছে। দূরপাল্লার রুটে বাস চলাচল করেনি। তবে বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় যানবাহন চলাচলও বাড়তে থাকে। পিকেটিংকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ২১ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রম্যমাণ আদালত।
হরতালের সমর্থনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা। গতকাল সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে আইনজীবীরা বলেন, দেশ এখন মহা সঙ্কটের মুখোমুখি। দেশের অস্তিত্ব, স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আইনের শাসন-সবকিছুই ধ্বংসের মুখোমুখি। তারা বলেন, বর্তমান সরকার গণমানুষের সরকার নয়, এই সরকার নির্যাতনকারী সরকার।