সিরিজ জয়ে আত্মবিশ্বাসী আফ্রিদি

শেষ তিন ম্যাচে হাশিম আমলা এবং ডেল স্টেইন দলে যোগ দেয়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের ক্ষমতা তার দলের রয়েছে বলে আত্মবিশ্বাসী পাকিস্তান অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বুধবার দুবাইতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ৬ রানে জয়ী পাকিস্তানের পক্ষে আফ্রিদি বল হাতে ২৬ রানে ৩ উইকেট নেয়া ছাড়াও ব্যাট হাতে ২০ বলে করেছেন ২৬ রান। আর এ জয়ের ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ম্যাচে সমতা ফিরিয়ে আনে পাকিস্তান। এর আগে বুধবার শারজায় প্রথম ম্যাচে জয়ের সুবর্ণ সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত ১ রানে হেরে যায় পাকিস্তান। ৩৩ বছর বয়সী আফ্রিদি বলেন, সংযুক্ত আরব আমিরাতে এ সিরিজের প্রথম ম্যাচ থেকেই উইকেটে ছড়ি ঘোরাচ্ছেন বোলাররা। প্রথম ম্যাচে মাত্র ১৮৪ রানের লক্ষ্য ছুঁড়েও শেষ পর্যন্ত এক রানে জয় পায় তারা। অন্যদিকে দ্বিতীয় ওয়ানডেতে আরেকটি লো স্কোরিং ম্যাচে পাকিস্তান হারায় প্রোটিয়াদের। আর প্রতিভাধর বোলার উপহার দেয়ায় পাকিস্তানের তুলনা তো কেবল পাকিস্তানই। বরাবরের মতো এবারও দলে উদীয়মান কিছু পেসারের সাথে আছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই স্পিনার সাঈদ আজমল এবং মোহাম্মদ হাফিজ। এর সঙ্গে যোগ করুন আফ্রিদির নামও। এই আবুধাবির পিচে এই তারকাখচিত বোলিং লাইনআপই স্বপ্ন দেখাচ্ছে আফ্রিদিকে। সাংবাদিকদের ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘আমলা এবং স্টেইন যোগ দেয়ায় দক্ষিণ আফ্রিকা দল আরো শক্তিশালী হবে তাতে কোন সন্দেহ নেই। তবে আমাদের বোলাররা যেভাবে খেলছে, আমি নিশ্চিত যে আমরা প্রোটিয়াসদের হারাতে পারি।’ সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য প্রথম টেস্টের পরই দেশে ফিরে যাওয়া আমলা গতকালই দুবাই ফিরেছেন। দ্বিতীয় টেষ্ট এবং প্রথম দুই ওয়ানডেতে প্রোটিয়া দলে ছিলেন না তিনি। ওয়ানডে সিরিজের আগে বিশ্রামে যাওয়া স্টেইন বুধবার আবুধাবিতে তৃতীয় ওয়ানডের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন। প্রথম ম্যাচে জয়ের জন্য পাকিস্তানের মাত্র ১৯ রানে দরকার এমন অবস্থায় দলের জয় নিশ্চিত করে মাঠ না ছাড়তে পারার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন আফ্রিদি। সে ম্যাচে মাত্র ৯ রান করা আফ্রিদি বলেন, ‘একটি খারাপ শট খেলতে গিয়ে আমি আউট হয়েছি, এটা ওভার বাউন্ডারি হতে পারত।’ খেলোয়াড়ি জীবনে এ পর্যন্ত ৩৬৪ ওয়ানডে ম্যাচে ৩৬৫ উইকেট শিকার করা ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান আরো বলেন, ‘এটা আফ্রিদি বনাম দক্ষিণ আফ্রিকা নয়, এটা পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা।’ ফর্মহীনতার কারণে বেশ কিছুদিন দলের বাইরে থাকার পর আবারো নিয়মিত হতে পেরে নিজের সন্তোষের কথাও জানান আফ্রিদি। পাকিস্তান দলের অংশ হওয়াটা বেশ উপভোগ করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি খেলাটা উপভোগ করছি। বর্তমান দলটা সিনিয়র জুনিয়রদের সমন্বয়ে গড়া এবং দিন যত যাচ্ছে আমার মনে হয় প্রতিদিনই আমি আরো তরুণ হচ্ছি।’ সিরিজের বাকি ম্যাচগুলোতে পাকিস্তানের ব্যাটসম্যানরাও ভালো করবেন বলে আশা প্রকাশ করেন আফ্রিদি। আফ্রিদি বলেন, ‘ব্যাটিংয়ের উন্নতি হওয়া দরকার। আহমেদ শেহজাদ যেভাবে খেলছে আমাদেরও সেভাবে খেলা দরকার। আমি নিশ্চিত যে উন্নতি হবে।’ প্রথম দু’ম্যাচের দু’টিতেই ৫৮ করে রান করেছেন শেহজাদ। শুক্রবার আবুধাবিতে চতুর্থ ম্যাচের পর ১১ নভেম্বর শারজাতে হবে সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচ। এরপর দল দু’টি দুবাইতে ১৩ ও ১৫ নভেম্বর দু’টি টি-২০ ম্যাচ খেলবে। বাসস।