টি-টোয়েন্টি দলে সৌম্য

বা-হাতি ওপেনার, পার্টটাইম মিডিয়াম পেসার। বল করেন ডান হাতে। বলুন তো কে? এমন প্রশ্নের উত্তরে ক্রিকেটের যারা মোটামুটি খোঁজ-খবর রাখেন তাদের প্রথমেই মনে আসবে সৌরভ গাঙ্গুলির কথা। তবে, না সাবেক ভারতীয় অধিনায়কের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে বাংলাদেশের তরুণ এক ব্যাটিং অলরাউন্ডারের কথা। আর তার কথা বলার কারণ হচ্ছে প্রথম বারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। তার নাম সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী বুধবার সিরিজের একমাত্র টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে ২০ বছর বয়সী এই ক্রিকেটারকে। আলোচনায় তিনি বেশ কদিন ধরেই ছিলেন। ঘরোয়া লিগে নিয়মিত রান করছেন। রান পেয়েছেন বয়সভিত্তিক দলের হয়েও। সর্বশেষ জাতীয় দলের জন্য আয়োজিত তিন দিনের প্রস্তুতি ম্যাচেও করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। সব মিলিয়ে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিই পেলেন তরুণ ক্রিকেটার সৌম্য সরকার। সৌম্যকে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে হয়েছে ইলিয়াস সানিকে। ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে এই একটাই পরিবর্তন। ২১টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩০.৩৫ গড়ে ১১২৩ রান করেছেন। বোলিংয়ে পেয়েছেন ১৩ উইকেট। এর আগেও জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন সৌম্য। তবে সেটা বয়সভিত্তিক দলে। বাংলাদেশের হয়ে খেলেছেন ২০১০ ও ২০১২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। অনূর্ধ্ব ১৯ দলের হয়ে গত বছর এশিয়া কাপে কাতারের বিপক্ষে ১৩৫ বলে ২০৯ রান করেন সৌম্য। বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড তামিম ইকবাল, শামসুর রহমান শুভ, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, জিয়াউর রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেট রক্ষক), নাঈম ইসলাম, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ (সহ অধিনায়ক), সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, আল-আমিন হোসেন।