কুকের অধিনায়কত্ব ‘বিরক্তিকর’:ওয়ার্ন

অ্যালিস্টার কুকের অধিনায়কত্বকে বিরক্তিকর ও নেতিবাচক অভিহিত করে শেন ওয়ার্ন সতর্ক করে বলেছেন, ইংল্যান্ড অধিনায়ক আরো বেশি দূরদর্শী হতে না পারলে আসন্ন অ্যাশেজেই অস্ট্রেলিয়া শিরোপা পুনরুদ্ধার করতে পারে। এছাড়া জো রুটের পরিবর্তে মাইকেল কারবেরিকে ওপেনার হিসাবে খেলালে ইংল্যান্ড তুলনামূলক ভাল সেবা পাবে বলেও মন্তব্য করেন এই অস্ট্রেলিয়ার টেস্ট গ্রেট। শীঘ্রই শুরু হতে যাচ্ছে ফিরতি অ্যাশেজ। আর দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার প্রতিপক্ষের মাটিতেও তাদের হারাতে প্রস্তুত ইংল্যান্ড। কুক বাহিনীর সামনে এখন রেকর্ড টানা চতুর্থবারের মতো অ্যাশেজ জয়ের হাতছানি। তবে সিরিজ শুরুর আগে ইংলিশ অধিনায়কের বিষয়ে বেশ কর্কশ ভাষাই ব্যবহার করলেন ওয়ার্ন। টেস্টে একসময়ের সর্বোচ্চ উইকেট শিকারি এই লেগি বলেন, ‘কুক নেতিবাচক, বিরক্তিকর,খুব বেশী দূরদর্শী নয়, তবে তারপরও যদি তারা জিতে যায় তাহলে সে দারুণ খুশিই হবে সন্দেহ নেই।’ কিন্তু আমি মনে করি তার আরো বেশী কল্পনাশক্তিপূর্ণ হওয়া দরকার। অস্ট্রেলিয়া যদি ভাল খেলে এবং কুক তার অধিনায়কত্বের এমন ধারা অব্যাহত রাখে- তবে ইংল্যান্ড এ সিরিজ হেরে যাচ্ছে বলেই আমার বিশ্বাস।’ কুকের অধিনায়কত্ব কেন ‘বিরক্তিকর’ জনপ্রিয় মডেল ও অভিনেত্রী এলিজাবেথ টেলরের সঙ্গী এই অস্ট্রেলিয়ান দিয়েছেন সে ব্যাখ্যাও, ‘সে খেলাটাকে স্রোতের দিকে ঠেলে দিতে চায়। তার কাছে ম্যাচ আসবে বলে অপেক্ষায় থাকে সে। কিন্তু এমনভাবে কেউ দলের নেতৃত্ব দিতে পারে বলে আমি মনে করি না।’ আর এই গুণগুলোর কারণেই অধিনায়ক হিসেবে এই মুহূর্তে ওয়ার্ন সেরা বলছেন অজি দলপতি মাইকেল ক্লার্ককে। ইনজুরি কাটিয়ে মাত্রই দলে ফেরা ক্লার্ক সম্পর্কে ওয়ার্নি বলেন,‘ আমার কাছে এই মুহূর্তে বিশ্বের সেরা অধিনায়ক অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক। তার অনেক বেশি কল্পনাশক্তি আছে।’ রুট সম্পর্কেও সরাসরিভাবে নিজের ধারণা পোষণ করেন ওয়ার্ন। তার মতে আগামী ২১ নভেম্বর ব্রিজবেনে প্রথম টেষ্ট আবারো রুট ইনিংস ওপেন করতে নামলে অস্ট্রেলিয়া বোলারদের ক্রুশ বিদ্ধ হবে ইয়র্কশায়ারের এ তরুণ। তিনি বলেন,‘ তার টেকনিকের কারণে আমি তাকে একজন ওপেনার মনে করি না। ইংল্যান্ডের মাটিতে অসি বোলাররা তাকে বার বার আউট করেছে এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনে তারা আরো বেশি আউট করবে। অস্ট্রেলিয়ায় উইকেটের পেসের কারণে সে তাদেরকে (বোলারদের) সামলাতে পাবে না। কিছুটা ফাস্ট ও বাউন্সি পিচে রায়ান হ্যারিস, পিটার সিডল এবং মিচেল জনসনকে সামলানোটা তার জন্য সত্যিই বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’ রুটের বিকল্পও প্রস্তাব করেছেন ওয়ার্ন, ‘কুকের সঙ্গে ওপেনিং জুটি হিসাবে কারবেরিকে খেলালে এবং রুটকে ছয় নম্বরে ব্যাট করালে ইংল্যান্ড ভাল সেবা পাবে। সাবেক অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের সদ্য প্রকাশিত আত্মজীবনীতে মাইকেল ক্লার্কের সমালোচনা প্রসংঙ্গে ওয়ার্ন বলেন, এটা হতে পারে পন্টিংয়ের ‘হিংসা’। ওয়ার্ন বলেন, ‘পাপ (ক্লার্ক) সম্পর্কে এমন অভিযোগ- হতে পারে কিছুটা হিংসা থেকে। কারণ পাপ ভাল রান করছিল এবং রিকি রান পাচ্ছিল না।’ --বাসস।