কাঠগড়ায় মুরসি বললেন
আমি এখনো মিসরের প্রেসিডেন্ট, প্রহসনের বিচার মানি না
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৩, ২২:০৮
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচার কার্যক্রম গতকাল সোমবার শুরু হবার পর ফের তা মুলতবি করা হয়েছে। ক্ষমতায় থাকাকালে বিদ্রোহীদের হত্যায় জড়িত থাকার অভিযোগে কায়রোর এক আদালতে এই বিচার কার্য চলছে। বিচারকার্যের সময় মুরসি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘আমি এখনো মিসরের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসি। আমি বলছি এই আদালত অবৈধ। এই প্রহসনের বিচার আমি মানি না।’ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জানুয়ারি। খবর এএফপি ও বিবিসির।
উল্লেখ্য, গত জুলাইয়ে সেনাবাহিনী তাকে উত্খাতের পর গতকালই প্রথম তাকে প্রকাশ্যে আনা হয়। এর আগের খবরে বলা হয়, ডিসেম্বরে প্রেসিডেন্ট ভবনের বাইরে সহিংসতা ও বিক্ষোভকারীদের হত্যায় উস্কানি দেয়ায় মুরসি ও মুসলিম ব্রাদারহুডের অপর ১৪ নেতার বিচার করা হচ্ছে। এই বিচারকে কেন্দ্র করে মুরসির সমর্থকরা বড় ধরনের বিক্ষোভের ডাক দেয়। এর পরিপ্রেক্ষিতে আইন-শৃংখরা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।