বংশালে যুবককে পিটিয়ে হত্যা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৩, ২২:১০
রাজধানীর বংশালে মুন্না (৩০) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার ভোরে পুলিশ রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে কয়েকজন তাকে পিটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হানিফ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বংশাল থানার ওসি (তদন্ত) আবুল হাসান বলেন, নর্থ-সাউথ রোডের ৩২ মালিটোলা এলাকায় ভোর ৪টার দিকে মুন্নাকে রাস্তা থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা জানান, তার আগেই মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে বোঝা যাচ্ছিল, বেধড়ক পিটুনিতে তার মৃত্যু হয়েছে। বংশালের গোলক পাল লেন এলাকায় তার বাড়ি বলে জানা গেছে।
নিহতের মামাতো ভাই মুক্তার হোসেন হাসপাতালে জানান, মুন্না অনেকদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পুলিশ জানায়, এ ঘটনার পর গতকাল দুপুরে হানিফ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি মুন্নার কাছে চার হাজার টাকা পেতেন। ওই টাকা না দেয়ায় রবিবার রাতে মুন্নাকে ডেকে নিয়ে তিন-চারজন মিলে পিটিয়ে হত্যা করে।
এদিকে ডেমরায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় আক্তার হোসেন (২৫) ও আবুল হাসনাত (২৬) নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার হয়।