এবার কুবি রেজিস্ট্রারের কার্যালয়ে তালা দিয়েছেন শিক্ষকরা

এক সপ্তাহ আগে উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন খানের কার্যালয়ে তালা দেয়ার পর এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষকরা। ভিসির পদত্যাগ ও তার বিরুদ্ধে আনা দুর্নীতির সব অভিযোগের বিচারের দাবিতে শিক্ষকরা গত ২৭ অক্টোবর থেকে আন্দোলন করে আসছে। ভিসির কার্যালয়ে তালা দেয়ার পর থেকে তিনি আর বিশ্ববিদ্যালয়ে আসেননি। পরে শিক্ষকরা গতকাল সোমবার রেজিস্ট্রারের কার্যালয়ে তালা দেন। শিক্ষকরা বলেন, ‘ভিসি ঢাকায় বসে রেজিস্ট্রারকে দিয়ে নিয়ম বহির্ভূতভাবে কাজ করার নির্দেশ দিচ্ছেন। তাই আমরা রেজিস্ট্রারের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছি।’ এ ব্যাপারে রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, তালা দেয়ায় কার্যালয়ে প্রবেশ করতে পারিনি। শিক্ষকদের সঙ্গে এ ব্যাপারে বসে কথা বলা হবে। এদিকে, নিয়োগ ও পদোন্নতিতে আইনগত বিষয় পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণের জন্য রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।