বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস নিয়ে নাটক

কিছু স্বপ্নবাজ তরুণ স্বপ্ন দেখেছে কল্পনার মত করে একটি নাটক তৈরি করার কিন্তু ঘটনাক্রমে ওই তরুণরা খুঁজে পেল এমন এক বাস্তবতা যা কল্পনাকেও হার মানাল। হ্যাঁ, এমনই এক গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘সরি...দ্বীপান্বিতা’। একঝাঁক মেধাবী তরুণ প্রতিভার সম্মিলিত প্রচেষ্টার বাস্তবায়নে মিউজিককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এ নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তরুণ শিক্ষার্থী স্বরাজ দেব। নাটকটিতে অভিনয় করেছেন বাকৃবির শিক্ষার্থী জীবন, নাফিয়া, আনাস ও শর্মি। এছাড়া অভিনয় করা অন্যান্যদের মধ্যে রয়েছে তাসফিয়া, প্রেভা, শুভ, রায়হান ও নাঈম, যারা সবাই ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছে জীবন ও নাফিয়া। নাটকে যাদের দেখা যাবে আকাশ ও দ্বীপান্বিতা নামে। নাটকটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম। নাটকটির সংগীতায়োজন এর দায়িত্ব পালন করেছেন শাখাওয়াত অর্নক। ‘রাজফিল্ম’ প্রডাকশন হাউসের উদ্যোগে নাটকটির শ্যুটিং হয়েছে গত অক্টোবর মাসের প্রথম দিকে ঢাকার উত্তরা, ধানমন্ডি, হাতিরঝিল, ঢাবি চত্বরসহ বেশ কিছু দর্শনীয় স্থানে। রোমান্টিক ধাঁচের এ নাটকের বিশেষ কিছু চমকের মাঝে যেটি সবচেয়ে সাড়া জাগিয়েছে তা হলো এর প্লেব্যাক গান ‘দ্বীপান্বিতা’। ‘দ্বীপান্বিতা’ গানটি ইতোমধ্যে জনপ্রিয় গানে পরিণত হয়েছে। আবার নাটকটিতে কিছুটা ট্র্যাজেডিও ফুটিয়ে তোলা হয়েছে বাস্তবতার আলোকে। নাটকটির রচনা ও পরিচালনাকারী স্বরাজ দেব জানান, তরুণরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। আমরা নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই। পড়ালেখার পাশাপাশি মূলত শখেরবশে নাটকের সাথে আমরা জড়িয়ে পড়েছি। ‘সরি... দ্বীপান্বিতা’ নাটকে এক ঝাঁক তরুণের জীবনের আবেগঘন কিছু মুহূর্ত, রোমান্টিকতা আর ট্র্যাজেডি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আবার নাটকে অভিনয়ের সাথে জড়িতরা বেশিরভাগই তরুণ। আশা করি দর্শকরা নাটকটিকে ভালভাবে গ্রহণ করবে। নাটকটি অল্প কিছু দিনের মধ্যে কোন একটি চ্যানেলে প্রচারিত হবে। তরুণ প্রজন্মের খুব কাছের কিছু আবেগকে একটি ছেলে ও একটি মেয়ের গল্পে রুপায়ন করা হয়েছে নাটকটিতে। তাদের ঘিরে কিছু আনন্দ, উত্তেজনা আর ছেলে মানুষি এক নিমেষেই আবেগের চূড়ান্তে পৌঁছে দেয় জীবন বোধের বাস্তবতায়। এখন গল্পের আকাশের মতই সমান্তরাল পথের বাঁকে খুঁজে ফিরতে হয় ভালবাসা আর আপন মনেই বলতে হয় সরি... দ্বীপান্বিতা!