গল্প নয় সত্যি
স্ট্রিট মিউজিশিয়ানের পাশে মূল শিল্পী!
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ২০:২১
শুধু আমাদের দেশেই নয়, বরং বিশ্বের অনেক দেশেই রাস্তায় গান গেয়ে অন্যের সাহায্য চাইবার চল রয়েছে। বিশেষ করে ইউরোপের অনেক দেশেই রাস্তার পাশে চোখে পড়ে এমন সব মানুষের যারা তাদের সুর আর সংগীতকে উপজীব্য করেই সাহায্যের জন্য অন্যের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু কখনও ভেবেছেন কি, যদি এ ধরনের কোনো সাহায্য প্রত্যাশী গায়কের পাশে যেয়েই হাজির হন গানের মূল শিল্পী তাহলে ঘটনাটা কতটা চমকের জন্ম দিতে পারে! আর এমনই এক চমক জাগানিয়া ঘটনার প্রদর্শনীই সম্প্রতি হয়ে গেল জার্মানির বার্লিনের এক রাস্তায়। এদিন অন্য দশটা দিনের মতোই রাস্তার পাশের এক ব্যক্তি জনপ্রিয় ব্যান্ড ব্রনস্কি বিট’স এর স্মলটাউন বয় গানটি করছিলেন। আর সে সময় তাকে সম্পূর্ণ চমকে দিয়ে তার পাশে দাঁড়িয়ে গানে গলা মেলাতে শুরু করেন গানটির মূল গায়ক এবং ব্রনস্কি বিট’স-এর সাবেক লিড ভোকাল সমারভিল। সাধারণত এই এলাকা দিয়ে মাঝে মাঝেই নিজের কুকুর নিয়ে হাঁটতে বের হতেন সমারভিল। আর সেদিন রাস্তার পাশের এক ব্যক্তিকে নিজের ফেলে আসা সময়ের জনপ্রিয় এই গানটি গাইতে দেখেই যেন অতীতে ফিরে যান সমারভিল। একসময় টপচার্টের সেরা তিনে আসা এই গানটির বেশ অনেকটা অংশই নতুন করে আরও একবার গান সমারভিল। এ সময় আশেপাশে জমে যায় উত্সুক জনতার ভিড়ও। মজার বিষয় হলো, শুনতে কিছুটা কাকতালীয় শোনালেও সমারভিল যোগ দেওয়ার আগে এমনিতেই কী মনে করে যেন সাহায্য-প্রত্যাশী ওই ব্যক্তির গান গাওয়ার দৃশ্য ধারণ করছিলেন এক ব্যক্তি। আর তার ক্যামেরায় ধরা পড়া সমারভিলের এই আগমন-ই পরবর্তী দু’দিনে রীতিমতো আগ্রহের ঝড় তুলেছে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে। ইতোমধ্যে কয়েক লাখ লোক ভিডিওটি দেখেছেন। অন্যদিকে ভিডিওটি যিনি আপলোড করেছেন তিনি তার বিবরণের জায়গায় লিখেছেন, ‘এটা ছিল ওই স্ট্রিট মিউজিশিয়ান এবং সেখানে উপস্থিত সকলের জন্যই বড় একটা চমক। আমরা যখন এমনিতে শখের বশে সেখানে ভিডিও করছিলাম তখনই সেখানে এসে হাজির হন স্বয়ং সমারভিল। আর এ ধরনের চমকপ্রদ ঘটনা শুধু বার্লিনেই ঘটতে পারে!’