আর্জেন্টিনায় জান্তা আমলের ১৫শত গোপন ফাইল উদ্ধার

আর্জেন্টিনার বুয়েনসআয়ার্সে সামরিক শাসনামলের ১৫ শত গোপন ফাইল উদ্ধার করা হয়েছে। বিমান বাহিনীর সদর দপ্তরের একটি পরিত্যক্ত অংশে ফাইলগুলো পাওয়া যায়। আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী অগাস্টিন রসি জানিয়েছেন, ১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত সামরিক জান্তার বৈঠকগুলোর ফাইল পাওয়া গেছে। সেখানে অনেক শিল্পী ও বুদ্ধিজীবীদের নামও রয়েছে যাদের কালো তালিকাভুক্ত করা হয়েছিল। সরকারের জন্য ঝুঁকি বিবেচনায় তাদের চারটি তালিকা করা হয়েছিল। বিবিসির প্রতিবেদক জানিয়েছেন, সেসব তালিকায় জান্তা সরকারের আমলে সরকার বিরোধী যে হাজার হাজার লোক নিহত ও গুম হয়েছিল তাদের ব্যাপারে তথ্য পাওয়া যাবে কিনা তা এখনও পরিষ্কার নয়। প্রতিরক্ষামন্ত্রী রসি বলেন, এই প্রথম আমরা জান্তা সরকারের এ ধরনের ফাইল পাওয়া গেছে। ফাইলগুলো পাওয়ার পর একটি সাংবাদিক সম্মেলন করা হয়। এগুলো শীঘ্রই প্রকাশ করা হবে। তবে ফকল্যান্ড যুদ্ধের ব্যাপারে কোন তথ্য ফাইলগুলোতে পাওয়া যায়নি। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৭৬ সালে প্রেসিডেন্ট ইসাবেল পেরনকে সরিয়ে ক্ষমতায় আসেন জেনারেল জর্জ রাফায়েল ভিডেলা। ১৯৮১ সালে তিনি জেনারেল রবার্তো ভিওলার কাছে ক্ষমতা হস্তান্তর করেন। জেনারেল ভিডেলা কারারুদ্ধ অবস্থায় মারা যান । মানবতা বিরোধী অপরাধের জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে সাত বছরের সামরিক শাসনামলে আর্জেন্টিনায় প্রায় ৩০ হাজার মানুষকে হত্যা করা হয়।