এটিএন বাংলায় এবারে জাতীয় নির্বাচন নিয়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ২০:৪৯
বিভিন্ন সমসাময়িক ইস্যু ও বিষয়কে কেন্দ্র করে তরুণদের এই বিতর্ক প্রতিযোগিতার ধারাবাহিকতায় এবারে সঞ্চালক কিরণ শুরু করছেন জাতীয় নির্বাচন নিয়ে নতুন ধারার অনুষ্ঠান। আগামী জাতীয় নির্বাচন কেমন হবে, নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচনী আয়-ব্যয়, নির্বাচনী ইশতেহার, নির্বাচনের আগে পরের সহিংসতা, নির্বাচন পর্যবেক্ষণ, গণতন্ত্রের অভিযাত্রায় সমাগত নির্বাচনে সব ইস্যুকে সামনে রেখেই দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এটিএন বাংলায় শুরু হতে যাচ্ছে বিশেষ ‘নির্বাচনী বিতর্ক’ প্রতিযোগিতা। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পরিচালনা ও উপস্থাপনায় সাপ্তাহিক ভিত্তিতে প্রতিযোগিতাগুলো এটিএন বাংলায় প্রতি শুক্রবার সকালে প্রচারিত হবে। প্রতিযোগিতায় বাছাইয়ের মাধ্যমে দেশের স্বনামধন্য ১৬টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের সুযোগ পাবে। নির্বাচনী প্রতিযোগিতার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ এবারের আয়োজন সম্পর্কে বলেন, ‘নির্বাচন এগিয়ে এলেও সব দলের অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। স্বভাবতই বিতর্ক চলছে দেশের বর্তমান শাসন প্রক্রিয়া, সাংবিধানিক ধারাবাহিকতা, সার্বভৌমত্ব এবং আগামী জাতীয় নির্বাচনের পদ্ধতি নিয়ে। সেই ধারাবাহিকতায় নির্বাচন নিয়ে দেশের তরুণ প্রজন্ম কী ভাবছে সে লক্ষ্যেই এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন।’